শ্রীপুরে ১৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৬ সড়ক উন্নয়নের অনুমোদন
শ্রীপুরে ১৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৬ সড়ক উন্নয়নের অনুমোদন। ছবি: বাংলা২৪নিউজ
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর আধাসরকারি পত্রের (ডিও লেটার) প্রেক্ষিতে শ্রীপুর উপজেলার ছয়টি গুরুত্বপূর্ণ সড়ক পুনর্বাসন ও উন্নয়নের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৬-২৭ অর্থবছরে ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পুনর্বাসন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় সর্বমোট ১৫ কোটি ৭২ লাখ ৩১৮ টাকা ব্যয়ে এই ছয়টি প্যাকেজের প্রাক্কলন অনুমোদন দেওয়া হয়েছে।
এলজিইডি’র প্রধান কার্যালয় থেকে গাজীপুরের নির্বাহী প্রকৌশলী বরাবর পাঠানো তিনটি পৃথক প্রজ্ঞাপনে (স্মারক নং- ২৪৭৬, ৪৮৯৫ ও ৪২০১) এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, অনুমোদিত ছয়টি সড়কের মধ্যে বরমী জিসি-জৈনাবাজার আরএইচডি ভায়া কাওরাইদ ইউপিসি সড়কের ৮ কিলোমিটার (Ch.4100-12100m) পুনর্বাসনে সর্বোচ্চ ৬ কোটি ৩২ লাখ ২৩ হাজার ৪০৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুর-নয়াপাড়া সড়কের ৩ কিলোমিটারের জন্য ৩ কোটি ৬ লাখ ৬১ হাজার ৪৮১ টাকা, সিংগারদীঘি ইবতেদায়ী মাদ্রাসা-আক্তাপাড়া মিনজুরি মোড় সড়কের ১ হাজার ৯০০ মিটারের জন্য ১ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ১০৮ টাকা, সাতালিয়া বাজার-সাতালিয়া চালা সড়কের ১ হাজার ৮৮০ মিটারের জন্য ১ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ১৯৯ টাকা, তেলিহাটি ইউপিসি কালমেঘা পুকুর-মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সড়কের ১ হাজার ৮৬০ মিটারের জন্য ১ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৪১ টাকা এবং বরমী-কাওরাইদ সড়ক হতে হাসপাতাল হয়ে কাওরাইদ রেলওয়ে স্টেশন সড়কের ৬৬০ মিটার কাজের জন্য ৭৮ লাখ ২৫ হাজার ৮১ টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর-২০২৫) এবং ই-জিপি (e-GP) গাইডলাইন অনুসরণ করে অনুমোদন প্রাপ্তির তিন দিনের মধ্যে বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) প্রেরণসহ দ্রুত দরপত্র আহ্বান ও বাস্তবায়ন কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই সড়কগুলো সংস্কারের অনুমোদন মেলায় শ্রীপুরবাসীর যাতায়াত ভোগান্তি দূর হবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে গতি আসবে।
Leave a Reply